স্মারক: এনসিপি/যুক্তরাজ্য/২০২৬/০২/০৬
তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং
ইনকিলাব মঞ্চে সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত বিচারের দাবি
ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল জাবেরে ওপর সংঘটিত ন্যাক্কারজনক সশস্ত্র হামলা, তাকে গুলিবিদ্ধ করার ঘটনা এবং শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্য গভীর শোক, তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করছে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ মনে করে, শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন এবং নাগরিকের মৌলিক মতপ্রকাশের অধিকারের ওপর এক সরাসরি আঘাত।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—ভিন্নমত দমন, শান্তিপূর্ণ সমাবেশে হামলা এবং গণতান্ত্রিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার লক্ষ্যে কোনো ধরনের সহিংসতার আশ্রয় গ্রহণ করা আধুনিক সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এই জঘন্য হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের প্রশ্রয় দেওয়ার প্রবণতা সমাজে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তোলে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্য ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অতীতেও সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও এই আপসহীন অবস্থান অব্যাহত রাখবে। আমরা শহীদ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আমাদের দাবি পরিষ্কার:
- হামলা নয় — বিচার চাই
- দমন নয় — জবাবদিহিতা চাই
#JusticeForHadi #WeAreOsmanHadi #StopPoliticalViolence #ProtectDemocracy
মাহমুদ রহমান ইকবাল
মিডিয়া ও পি আর সম্পাদক এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্য
